জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দায়িত্ব পালনকালে জাতিসংঘের বাইরের কোনো সরকার বা অন্য কোনো উৎস থেকে নির্দেশনা চাইবেন না বা গ্রহণ করবেন না। জাতিসংঘের সনদ ও সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির শপথ গ্রহণকালে তিনি এসব কথা বলেন।
শপথবাক্যে খলিলুর রহমান বলেন, ‘আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আমার ওপর অর্পিত কর্তব্য ও কার্যাবলি সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা এবং বিবেক ও সততার সঙ্গে পালন করব।’
তিনি আরও বলেন, ‘জাতিসংঘের সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধির আলোকে আমি শুধু জাতিসংঘের স্বার্থে এই কার্যাবলি সম্পাদন করব।’
দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখার অঙ্গীকার করে খলিলুর রহমান বলেন, ‘আমার দায়িত্ব পালনের বিষয়ে এই সংস্থার বাইরের কোনো সরকার বা অন্য কোনো উৎস থেকে নির্দেশনা চাইব না বা গ্রহণ করব না।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে কাজ শুরু করেছেন খলিলুর রহমান।
তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ পেল বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এ দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা ভাষণ দেবেন।