সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মাহমুদুল হাসান ও দুই সন্তান আহত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমি আক্তার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার মাহমুদুল হাসানের স্ত্রী।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরে স্বামী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে একটি দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন রুমি। জনতা ব্যাংকের সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চারজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি ট্রাক রুমিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন জানান, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।