মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় আহাদ আলী (৪৫) নামে এক বাংলাদেশিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। রোববার দুপুরে (২৬ জানুয়ারি) কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এলাকার এওলাছড়া স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, জায়গা-সংক্রান্ত বিষয়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীদের সঙ্গে আহাদ আলীর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে, হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে বিকেলে আহাদ আলীর মৃত্যু হয়।
পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, নিহত আহাদ আলী ও অভিযুক্ত হায়দার আলীর মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল। তবে জায়গা নিয়ে কী ধরনের বিরোধ ছিল, তা এখনও স্পষ্ট নয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।