বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং দেশের বিভিন্ন সংকটময় সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত জাপান-বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপান পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করছে। দেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক বিকাশে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে আফরোজা খানম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নারীদের জন্য মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নারীশিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছেন। নারীশিক্ষা বিস্তার এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর প্রধান প্রতিনিধি, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (জেবিসিসিআই) নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং নারী উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।