শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফর হোসেনকে দীর্ঘদিন কারা আশ্রয় দিয়েছে, তা দ্রুত তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
রিজভী বলেন, প্রায় ৪৫ বছর ধরে মেজর মোজাফফর কোথায় ছিলেন এবং কীভাবে দেশে ফিরেছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তার ভাষ্য, এ ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ের পাশাপাশি দেশের ভেতরেও আশ্রয়দাতাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তাই বিষয়টি দ্রুত তদন্তের আওতায় আনার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আদর্শ ও নীতিকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। নিজের বিশ্বাস ও আদর্শকে ধরে রাখতে পারলে একসময় তার যথাযথ মূল্যায়ন হবে।
দেশের সার্বিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, দেশকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের হতাশায় না ভুগে দেশ ও গণতন্ত্রের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন।