আগামী জুনের মধ্যে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করতে পারলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্য ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ৪ কোটি পরিবারের নারী সদস্যদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ যতক্ষণ বিএনপির পাশে থাকবে, ততক্ষণ দলটি কোনো বাধা উপেক্ষা করে দেশের স্বার্থে কাজ করে যাবে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা গ্রহণ বিনামূল্যে করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কথাও জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।