সরকার দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য, বিবৃতি, অডিও বা ভিডিও প্রচার না করার আহ্বান জানিয়েছে।
শুক্রবার প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের ওই নির্দেশনার আলোকে প্রচলিত আইন মেনে চলতে সংশ্লিষ্ট সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতে সাজাপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার, অডিও বা ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে।
সরকার জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো ভাষণ, বিবৃতি বা বক্তব্য—সরাসরি সম্প্রচার কিংবা ধারণকৃত আকারে—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।