বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আয়োজকরা। এ সময় বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’
এর আগে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, ঢাকায় পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় শহরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে সাত দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। এবারের মেলায় মোট ১২০টি স্টল অংশ নেবে।
তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ ও বনাঞ্চল সম্প্রসারণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ‘স্মার্ট ফরেস্ট্রি’ উদ্যোগও বাস্তবায়ন করা হবে।