সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করে সবাইকে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া খাতের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অলিম্পিক ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে ভবিষ্যতে অলিম্পিকসহ আন্তর্জাতিক ক্রীড়া আসরে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে। তিনি তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরও বাড়াতে সক্ষম হবেন। একই সঙ্গে ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।