পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হাসপাতালের সব ধরনের অনিয়ম দূর করে স্বচ্ছতা প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবু প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবাসহ সব খাতেই সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের মানুষের জন্য হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে বিদ্যমান অনিয়ম দ্রুত দূর করতে হবে এবং রোগীরা যেন মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, কোনো রোগী যদি প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়ে ঢাকায় স্থানান্তর হতে বাধ্য হন, তবে তা হাসপাতালের সক্ষমতার ঘাটতিরই পরিচায়ক। দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে স্বচ্ছতা প্রতিষ্ঠাই তাঁর প্রধান লক্ষ্য।
শামা ওবায়েদ আরও বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন হাসপাতালের পরিবেশ নষ্ট করতে বা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।