দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
বিরোধী দলগুলোর লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। এসব গাড়ি কি পানিতে চলে, নাকি তেলে চলে? দেশে যদি তেলই না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লংমার্চ কীভাবে হচ্ছে?
তিনি বলেন, লংমার্চে তেল খরচ না করে রাজনৈতিক দলগুলোর উচিত সংসদে এসে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরা। জাতীয় সমস্যাগুলো সংসদে আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমেই সমাধান করা সম্ভব।
জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এটি বাস্তবায়ন করতে হলে বিএনপি সরকারের হাত ধরেই করতে হবে।
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী করা ঠিক নয় মন্তব্য করে তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রভাব এখনো মোকাবিলা করতে হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও প্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি। একই সঙ্গে দেশে মজুত থাকা গ্যাস উত্তোলনেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব অল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। প্রয়োজন হলে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানি করা হবে।
সারের সংকট নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে শামা ওবায়েদ বলেন, দেশে সারের কোনো সংকট নেই। এ ধরনের প্রচারণা চালিয়ে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার এখনো বন্ধ হয়নি। দেশের সংকটকে রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে না দিয়ে জনগণের সমস্যা ও দাবি সংসদে তুলে ধরে গঠনমূলক রাজনীতির চর্চা করা প্রয়োজন।
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবার অংশ নেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আলোকে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের সামনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন বলেও জানান তিনি।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে র্যালিতে যোগ দেন। পরে এম এন একাডেমি স্কুল মাঠে বৃক্ষরোপণ এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সি সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজ শরীফ, নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।