বিদেশে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে স্পিকার এ তথ্য জানান।
স্পিকার বলেন, মির্জা আব্বাস সংসদকে চিঠির মাধ্যমে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা ক্রমাগত উন্নতির দিকে। সুস্থ হয়ে উঠলে তিনি সংসদে যোগ দেবেন বলেও উল্লেখ করেন।
এ সময় শফিকুল ইসলাম মাসুদ মির্জা আব্বাসকে ঘিরে প্রচলিত কিছু গুজবের বিষয়েও জানতে চান। জবাবে স্পিকার বলেন, গুজব বা আদালতে বিচারাধীন বিষয় নিয়ে সংসদের সময় ব্যয় করা সমীচীন নয়। কোনো সদস্যের সদস্যপদ সংক্রান্ত সিদ্ধান্ত হলে তা যথাসময়ে সংসদকে জানানো হবে।
উল্লেখ্য, গত ৬ মে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এক সংবাদ সম্মেলনে জানান, তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে সময় তিনি বলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে।