দেশের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
তিনি জানান, আড়াই মাসব্যাপী এই টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে, যা একটি অনন্য অর্জন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠ ঘুরে দেখেন, ক্ষুদে ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
খেলা শেষে তিনি বিজয়ী দল ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।