প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও ইউরোপের কয়েকটি দেশ থেকে নিউইয়র্কে এসেছেন বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। প্রতিদিনই তারা প্রধানমন্ত্রীর অবস্থানস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের সামনে জড়ো হয়ে স্লোগান ও শুভেচ্ছা জানাচ্ছেন।
নেতাকর্মীদের এমন ভিড়ে হোটেলের আশপাশের ফুটপাতে পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশও বিভিন্ন সময়ে সেখানে উপস্থিত হয়ে জমায়েত সরিয়ে দিচ্ছে।
বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে স্থানীয় সময় বুধবার রাতে হোটেল থেকে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের সময় তাদের ভিড় না করার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতিদিন এভাবে হোটেলের সামনে জড়ো হলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হয়। তাই সেখানে অপ্রয়োজনীয় ভিড় না করে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি।
আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হোটেল গ্র্যান্ড হায়াতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে তা সমর্থন করেন। তারেক রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন।