মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে ১৩ হাজার ৩৪৪ জন বর্তমানে মাসিক সম্মানী ভাতা পাচ্ছেন। জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) সংসদে বিরোধী দলের সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে।
তিনি বলেন, এ পর্যন্ত ১৫২ জন গুরুতর আহত জুলাই যোদ্ধাকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১০২ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এবং বর্তমানে ৫০ জন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
আহমেদ আযম খান আরও জানান, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে ৩ হাজার ২৪১ জনের একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ১ হাজার ৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রী বলেন, গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জন জুলাই যোদ্ধার মধ্যে ১৩ হাজার ৩৪৪ জনকে নিজ নিজ ব্যাংক হিসাবে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। এর মধ্যে ক-শ্রেণির যোদ্ধারা ২০ হাজার টাকা, খ-শ্রেণির যোদ্ধারা ১৫ হাজার টাকা এবং গ-শ্রেণির যোদ্ধারা ১০ হাজার টাকা করে পাচ্ছেন। অবশিষ্টদের ভাতা প্রদানের কার্যক্রমও চলমান রয়েছে।