জাতীয় সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে বিরোধী দলের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির জন্য নাম চাইলেও বিরোধী দলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি, অথচ সংসদের বাইরে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নিয়ে আলোচনা চলছে।
তিনি প্রশ্ন করেন, ১৯ জানুয়ারি ২০২৬-এ কোনো গণভোট না হওয়া সত্ত্বেও কীভাবে ‘ব্লু পেপার’-এ সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম তৈরি করা হলো। তার মতে, এটি সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন এবং এতে “পদে পদে সংবিধান ভায়োলেশন” হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি কখনোই জুলাই জাতীয় সনদ থেকে সরে যায়নি। বরং সনদকে পাশ কাটিয়ে আলাদা প্রক্রিয়ায় সংস্কার পরিষদ গঠনের উদ্যোগকে তিনি “প্রতারণামূলক” আখ্যা দেন। জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত সংসদকে উপেক্ষা করে বাইরে থেকে সংবিধান পরিবর্তনের চেষ্টা দেশের আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্যে তিনি নিজের দীর্ঘ নির্বাসন ও কারাবাসের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কষ্টের প্রতি সহমর্মিতা জানান। তিনি বলেন, এমন রাষ্ট্র গড়তে হবে যেখানে আর কোনো মানুষ গুম বা নিপীড়নের শিকার হবে না।
শেষে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান এবং বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।