আগামী প্রজন্মের চাহিদা ও দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, এ উদ্যোগ কোনো স্বল্পমেয়াদি রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে নয়; বরং এমন একটি সংবিধান প্রণয়নই লক্ষ্য, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর ও সময়োপযোগী হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, সংবিধান একটি চলমান ও সময়োপযোগী দলিল। তাই সময়ের পরিবর্তন, রাষ্ট্রের প্রয়োজন এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে এতে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। এ প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ জনগণের গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি জানান, বর্তমান সংসদের, বিশেষ করে বিরোধী দলের অধিকাংশ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। ফলে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের কার্যকর ভূমিকা রাখতে বিষয়টি গভীরভাবে অনুধাবনের জন্য কিছুটা সময় প্রয়োজন হতে পারে।
তবে এ বিষয়ে সরকারের অবস্থান ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের জন্য কমিটির দরজা সবসময় খোলা রয়েছে এবং তারা আগ্রহ প্রকাশ করলেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে মো. নূরুল ইসলাম বলেন, ভারতে বহুবার এবং যুক্তরাষ্ট্রেও সফলভাবে সংবিধান সংশোধন করা হয়েছে। তাই সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন কোনো অস্বাভাবিক বিষয় নয়।
তিনি আরও বলেন, সংবিধানের প্রতিটি সংশোধন ও সংস্কারের ক্ষেত্রে সরকার সব রাজনৈতিক দলের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বিশেষ করে বিরোধী দলের মতামত গ্রহণে সরকার আন্তরিক থাকবে। তিনি বলেন, “যখনই তারা মতামত দেবেন, তখনই সেই মতামত বিবেচনায় নিয়েই আমরা কাজ এগিয়ে নেব।”