সংবিধান নতুন করে লেখা হবে না, প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে বলে জানিয়েছেন সংসদের সরকারি দলের প্রধান হুইপ নুরুল ইসলাম মণি। তিনি বলেন, সংবিধানের একটি অক্ষর পরিবর্তন করা হলেও সেটি সংশোধন হিসেবেই বিবেচিত হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধান হুইপ বলেন, দল ও জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হয়েছে। তারা নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। একই সঙ্গে জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নের কথাও জানান তিনি।
তিনি বলেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে সবার মতামত নেওয়া হবে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনা এবং জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সচিবালয়ে এ বিষয়ে কোনো বৈঠক হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মণি বলেন, সচিবালয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তবে সবাইকে নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর আহ্বানে একটি অনানুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বলেন, এটি কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়। বিরোধী জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হলেও তারা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে—এ জন্য তাদের ধন্যবাদ জানানো উচিত।
তিনি আরও বলেন, বিরোধী পক্ষের নেতারা তাদের ডেকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।