ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চাকরি ও বিভিন্ন উন্নয়ন সুবিধার বিনিময়ে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার জনগণকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, চাকরি, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট ও সেতুসহ বিভিন্ন উন্নয়ন সুবিধা দেবে। এর বিনিময়ে বিএনপির মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, একটি রাজনৈতিক সরকার এলাকার উন্নয়নে কাজ করে এবং এর রাজনৈতিক প্রত্যাশাও থাকে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ চলছে। পাশাপাশি সড়ক, খাল, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় আবেগ দেখিয়ে নয়, উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরেই বিএনপি জনগণের কাছে ভোট চাইবে।
তিনি আরও বলেন, যেখানে সরকার ব্যর্থ হয়েছে, সেখানে ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করা হয়েছে। জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক প্রত্যাশার।