কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এসআরবি সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এসব অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানিক দল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারো মাইল বালুর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পদ্মা নদীর তীরে বালু ব্যবসায়ী মো. সিদ্দিক মালিথা (৫০), পিতা-মৃত মতলেব মালিথার টিনের ঘরের বেড়ার উত্তর পাশের খালি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসআরবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে অস্ত্রগুলো সেখানে কীভাবে বা কার মাধ্যমে রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া। একই সঙ্গে সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।