আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন কমিশনের তথ্যের বরাত দিয়ে তিনি এ কথা জানান।
মঙ্গলবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন। মাদক ও চাঁদাবাজিকে রংপুরের বড় সমস্যা হিসেবে উল্লেখ করে এসব নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মীর শাহে আলম বলেন, মাদকের কারণে অপরাধ ও সহিংসতা বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানে চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগও রয়েছে। এসব বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তারা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে শুরু হবে এবং ধাপে ধাপে ৬ জুনের মধ্যে শেষ হবে। এর আগে নির্বাচন কমিশনও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের মধ্যে শেষ করার কথা জানিয়েছিল।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।