ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোকপ্রস্তাবের ওপর আলোচনায় বক্তব্য দিতে গিয়ে জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন না হলে তিনি ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতেন না। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা দীর্ঘদিন কারাগারে ছিলেন তারা কেউই জুলাই আন্দোলনের অবদান অস্বীকার করতে পারবেন না। তিনি বলেন, সেই আন্দোলনের কারণেই অনেকের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন এসেছে।
বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর দায়িত্বে থাকার সময় বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। দেশের স্বার্থের প্রশ্নে তিনি সবসময় আপসহীন ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলেন।
এ সময় তিনি অতীতের কয়েকজন রাজনৈতিক নেতাকেও স্মরণ করেন। তিনি বলেন, সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে ছাত্রজীবন থেকেই তার রাজনৈতিক সম্পর্ক ছিল। তার দাবি, নিজামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। একইভাবে তার বিরুদ্ধেও মিথ্যা মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া জামায়াতের সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর বিষয়েও তিনি মন্তব্য করেন। শোকপ্রস্তাবের আলোচনায় তিনি প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।