জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের সরকারপ্রধান অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনাময় খাত চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দক্ষ জনশক্তির কর্মসংস্থান, শিক্ষা ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা।
এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার সহযোগিতা আরও শক্তিশালী করা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন দুই প্রধানমন্ত্রী।