ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা খামখেয়ালি আচরণ নয়, স্পিকারকে অভিভাবক হিসেবে মেনে সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে আয়োজিত দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে একটি কার্যকর সংসদ গড়ে তুলতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। নবীন সংসদ সদস্যরা যেন সংসদীয় কার্যক্রমে অংশ নিতে গিয়ে কোনো মানসিক চাপে না পড়েন, সে বিষয়টিও মাথায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সংসদীয় রীতিনীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সেই লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদের খারাপ রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা যেন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে পারেন, সেই লক্ষ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। তাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।