তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। তার ভাষায়, সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অপরাধবিষয়ক সাংবাদিকদের ঝুঁকি ও চ্যালেঞ্জের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ক্রাইম রিপোর্টাররা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন এবং অনেক সময় তাদের চড়া মূল্যও দিতে হয়। দেশে সাংবাদিকদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করতে এখনো কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
আন্দালিব রহমান বলেন, তিনি সম্প্রতি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই কাজ এগিয়ে নিতে চান।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। রাজনৈতিক পটভূমি থেকে আসায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যাও তিনি সহজে উপলব্ধি করতে পারেন বলে জানান।
মন্ত্রী আরও বলেন, তার মন্ত্রণালয়ের অধীন ১৫টি দপ্তর ও সংস্থার প্রতিটির প্রতিই তার দায়িত্ব রয়েছে। বিগত ১৭ বছরে বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, সেখান থেকে প্রতিষ্ঠানগুলোকে সঠিক ধারায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নতুন জায়গায় ভবন নির্মাণ করা তুলনামূলক সহজ, কিন্তু পুরোনো ও জরাজীর্ণ ভবন সংস্কার করে আবার দাঁড় করানো অনেক কঠিন। একইভাবে বিদ্যমান ব্যবস্থাকে সংস্কার করে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সাংবাদিকদের যৌক্তিক দাবি ও প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রয়োজন হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে এবং সরকার সাংবাদিকদের পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের অপরাধবিষয়ক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।