ড. খলিলুর রহমান বাংলাদেশিদের জন্য পুনরায় শ্রম ভিসা চালু করতে সংযুক্ত আরব আমিরাত–কে অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরাতে কর্মরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীর অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী শ্রম ভিসা পুনরায় চালু, পাশাপাশি ব্যবসা ও ট্রানজিট ভিসা সহজীকরণের অনুরোধ জানান।
সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়। তিনি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা ত্বরান্বিত করা, বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো ও পিপিপি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।