জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মানসিক ভারসাম্যহীন ছাগল চোর’ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
পোস্টে সম্প্রতি হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বিএনপির বিরুদ্ধে অনুষ্ঠিত একটি মিছিলের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, ওই মিছিলে হাসনাত আবদুল্লাহর সঙ্গে ‘চাঁদাবাজ’ হিসেবে অভিহিত শাহরিয়ার ও ইসহাক সরকারসহ এনসিপির আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁর দাবি, মিছিলটিতে অংশ নেওয়া নেতাকর্মীর তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি ছিল।
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘এই মিছিলে আবার ঢাকা দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী মানসিক ভারসাম্যহীন ছাগল চোর নাসিরও ছিল।’
তিনি আরও দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যাপক জনসমর্থন থাকার কথা বলা হলেও তাঁর আহ্বানে সাধারণ মানুষ তো নয়ই, জামায়াত-শিবিরের কর্মীরাও মাঠে আসছেন না। এর কারণ হিসেবে তিনি জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক সম্পর্কের বিষয়ে নিজের ব্যাখ্যাও তুলে ধরেন।
রাশেদ খাঁন আরও মন্তব্য করেন, ভবিষ্যতে এনসিপি জামায়াতকে ছাড়িয়ে প্রধান বিরোধী দল হওয়ার চেষ্টা করবে এবং সে সময় জামায়াত-শিবিরের বিরুদ্ধেও তারা সমালোচনামূলক অবস্থান নেবে।
পোস্টের শেষাংশে বিভিন্ন স্লোগানের মাধ্যমে এনসিপির নেতাকর্মীদের এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে কটাক্ষ করেন রাশেদ খাঁন।