মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মন্দিরছড়া এলাকায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনায় কুসমিতা ত্রিপুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কুসমিতা মাচালং বাজারসংলগ্ন ১ নম্বর মন্দিরছড়া পাড়ার বাসিন্দা। স্থানীয়দের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএস-সংশ্লিষ্ট সশস্ত্র পক্ষগুলোর মধ্যে গোলাগুলির সময় শিশুটি গুলিবিদ্ধ হয়। তবে ঘটনার কারণ ও বিস্তারিত বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় মন্দিরছড়া ও মাচালং বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন।
এদিকে পাহাড়ে শান্তি-সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী নিয়মিত চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়ে আসছে। সম্প্রতি খাগড়াছড়ি রিজিয়ন ও জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ চিকিৎসা কার্যক্রমে দুর্গম এলাকার ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
স্থানীয়দের প্রত্যাশা, সংঘাতের কারণে আর কোনো শিশু বা সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন। পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।