মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি;
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পরিষদের হলরুমে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিহাহ, ইভটিজিং,বেদখল হওয়া খাস জমি উদ্ধার, কিশোর গ্যাং, মোবাইল ফোনে গেইম, অনলাইন জুয়া, পড়াশুনার সময় বাজার ঘাটে কিশোরদের আড্ডা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়েছে সভায়।
উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এমপি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন, বাজারগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। অভিবাবক মহলের প্রতি সভায় অনুরোধ জানানো হয় আপনার সন্তান পড়াশুনার টেবিলে না বসে কার সাথে মিশে,আড্ডা দিচ্ছেন এসব খোঁজ খবর রাখার দায়িত্ব আপনার।
প্রশাসনের এতো জনবল নেই যে, প্রতিটি স্থানে মনিটরিং করবে। তাই ঘর থেকে নিজের সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব পালন করুন। প্রশাসনের পক্ষে যতোটুকু সম্ভব চেষ্টা করা হচ্ছে কিশোর অপরাধ দমনে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টরা মতামত দেন এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্মে লিপ্ত বা আমার নাম ভাঙ্গিয়ে কেউ পেশিশক্তি দেখালে কোন ছাড় নয়। স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। চরবাগ্যার ঘটনায় তিনি সরেজমিনে পরিদর্শন করে অবৈধ ঘর গুলো ভেঙে দিয়েছন বলেও তুলে ধরেন। যদিও চরবাগ্যায় ঘটনায় দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি দলীয় হাইকমান্ড তরফ হতে।