আবু তাহের, জাককানইবি
জাতিসংঘ আয়োজিত “Youth as Catalysts of Change” শীর্ষক যুব আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় স্থান পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. নওসাদ আলী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত জাতিসংঘ ভবনে (UN House) তার তোলা ছবিটি প্রদর্শিত হয়। সারাদেশ থেকে নির্বাচিত ৮০ জন তরুণ ফটোগ্রাফারের ৮০টি ছবি নিয়ে এই প্রদর্শনী আয়োজন করে ইউএন বাংলাদেশ।
নিজের অনুভূতি প্রকাশ করে নওসাদ আলী বলেন, ‘জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক আয়োজনে সেরাদের তালিকায় স্থান পাওয়া আমার জন্য গভীর আনন্দ ও গর্বের বিষয়। এই ছবির মাধ্যমে আমি তরুণদের পরিবর্তনের দূত হিসেবে উপস্থাপন করতে চেয়েছি—যারা ইতিবাচক চিন্তা ও উদ্যোগের মাধ্যমে সমাজে নতুন আলো ছড়াচ্ছে। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে।’
আয়োজকরা জানিয়েছেন, আগামী ৩০ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর ঢাকার গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ছবিগুলোর উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মো. নওসাদ আলী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সাবেক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।