আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোটার্যাক্ট ক্লাবের আয়োজনে এবং বিকাশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার নির্দেশনামূলক সেশন ‘রোডম্যাপ টু সাক্সেস’।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তলায় এ সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মোঃ মাহবুবুর রহমান ও সহকারী প্রক্টর মোঃ তরিকুল ইসলাম জনি।
প্রধান বক্তা বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের ক্লাস্টার হেড মোঃ খালিদ হোসাইন বিকাশের বিভিন্ন কার্যক্রম—টেলিকম পেমেন্টস, বিজনেস সেলস, পে-রোল ও রিটেইল বিজনেস, সরকারি ও ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ডেভেলপমেন্ট—সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি শিক্ষার্থীদের সিভি লেখার সাধারণ ভুলগুলো তুলে ধরেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা দেন। সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও যোগাযোগ দক্ষতা উন্নত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেশনটি শেষ হয়।
অনুষ্ঠানে বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের রেজিওনাল অফিসার এম. এম. হাসান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন রোটার্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব হোসাইন। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সভাপতি মোঃ মুকিতুল ইসলাম।