বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম বলেছেন, দেশগঠনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুদূরপ্রসারী মহাপরিকল্পনায় জনগণ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। দীর্ঘদিনের হতাশা, দমন-পীড়ন ও অধিকারহীনতার অন্ধকার পেরিয়ে মানুষ আজ নতুন দিনের আশায় জেগে উঠেছে।
তিনি বলেন, সারা দেশে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো সাজানো আয়োজন নয়— এটি জনগণের হৃদয় থেকে উঠে আসা ভালোবাসার বহিঃপ্রকাশ। তারেক রহমানের নেতৃত্বেই আজ এই জনস্রোত ঐক্যবদ্ধ হয়েছে।
মীর শাহে আলম আরও বলেন, এই বাস্তবতাই প্রমাণ করে কেন অন্য রাজনৈতিক দলগুলো জনগণের আস্থা হারাচ্ছে। দেশ ও জাতির জন্য তাদের কোনো সুস্পষ্ট ভিশন কিংবা বাস্তবসম্মত পরিকল্পনা নেই। ক্ষমতার মোহে তারা এখন প্রতারণা ও ধোঁকাবাজির রাজনীতিতে লিপ্ত— যা জনগণ আর গ্রহণ করছে না।
তিনি এসব কথা বলেন ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার বিকাল সাড়ে ৪টায় শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে অনুষ্ঠিত ধানের শীষ মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে।
মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি পরিণত হয় গণমানুষের শক্তির এক প্রাণব প্রদর্শনীতে।