মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন ১১ ডিসেম্বর—মুন্সিগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই ভোরে সরকারি হরগঙ্গা কলেজে অবস্থান নেওয়া পাকিস্তানি বাহিনী ধলেশ্বরী নদী পেরিয়ে পালিয়ে গেলে মুক্ত হয় পুরো জেলা। দীর্ঘ নয় মাসের দখলদারিত্ব ও নির্যাতনের অবসান ঘটিয়ে বিজয়ের সূর্য উদিত হয় এ দিনের প্রভাতে।
দিবসটিকে ঘিরে আজ জেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে স্মরণ করা হয় বীর শহীদদের। জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন।
বক্তারা বলেন, মুন্সিগঞ্জের মানুষ ১১ ডিসেম্বরের মাধ্যমে বীরত্ব, আত্মদান ও মুক্তির চেতনা স্মরণ করে। মুক্তিযুদ্ধের অর্জন রক্ষায় এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।দিবসটি ঘিরে পুরো জেলায় ছিল উৎসবমুখর পরিবেশ ও বিজয়ের আবহ।