মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ পৌরসভার গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকায় পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে এক পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে স্থানীয়দের উপস্থিতিতে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে অভিযুক্তদের এক আত্মীয় হোসনেয়ারা হাসনাত সদর থানায় অভিযোগ দায়ের করেন।
গ্রেপ্তার হওয়া দু’জন হলেন—শফিউল বাসার হাসিব (৪০) ও তার পিতা রবিউল আউয়াল জসিম ওরফে খোকন (৬৫)।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর রাত আড়াইটার দিকে বাদী তার আপন ভাই ও ভাতিজাকে কুরআন শরিফে আগুন দিয়ে এর ছাই ও পোড়া পৃষ্ঠা পাশের ডোবায় ফেলতে দেখেন। বিষয়টি দীর্ঘদিন চেপে রাখলেও শুক্রবার স্থানীয়দের জানানোর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই শতাধিক মানুষ বাড়িটি ঘিরে বিক্ষোভ শুরু করে।
অবস্থা গুরুতর হয়ে উঠলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পিতা–পুত্রকে আটক করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে মামলা নেয়া হয়েছে। পাশাপাশি অন্য কোনো কারণ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।”