মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে হলদিয়া গোয়ালীমন্দ্রা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে বিদেশী ১ পিস্তল, ম্যাগজিন ও ৫ রাউন্ড তাজা গুলিসহ মোঃ শাহানুর (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
আটকের পরে তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে ৩ দিনের পুলিশ রিমান্ডসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
র্যাব জানায়, ৬ আগস্ট ২০২৫ (বুধবার ) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমন্দ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তার শাহানুর লৌহজং উপজেলার খরিয়া এলাকার প্রয়াত সিরাজউদ্দিন সরদারের ছেলে।
র্যাব আরও জানায়, শাহানুর একজন পেশাদার মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। সে দীর্ঘদিন ধরে লৌহজংসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি
ও নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও তার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ ( ওসি) ওসমান গনি বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে লৌহজং থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলা শেষে তাকে ৩ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।