রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, থ্রি-পিস, এনার্জি ড্রিংক ও ওষুধ জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এসময় চোরাচালাজে ব্যবহৃত যানবাহনও আটক করা হয়।
রবিবার (২৩ আগস্ট ২০২৬) ভোর চারটার দিকে জেলার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলায় এই অভিযান চালানো হয়।
১০ বিজিবি সূত্র জানা যায়, বিজিবির দুটি বিশেষ টহল দল নিজ নিজ সীমান্ত এলাকায় মাদকমুক্তকরণ ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে শিবেরবাজার বিওপির একটি দল সীমান্তের প্রায় ৬ কিলোমিটার ভেতরে চৌয়ারা বাজার এলাকায় অভিযান চালায়।
পরবর্তীতে ভোর ৪টা ৩০ মিনিটে কটকবাজার পোস্টের অপর একটি দল সীমান্তের ৫ কিলোমিটার ভেতরের পালপাড়া এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে।
অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, রেডবুল ড্রিংকস এবং মুভ মলমসহ চোরাচালানে ব্যবহৃত যানবাহন আটক করতে সক্ষম হয়।
আটককৃত এসব ভারতীয় মালামালের আনুমানিক বাজারমূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত এসব পণ্য প্রচলিত বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।