সাইফুল ইসলাম, কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়ালীর মহিপুর থানাধীন ৭ নং লতাচাপলি ইউনিয়নের ডঙ্কুপাড়া গ্রামে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদ হাওলাদারের ছেলে হাসান (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে ডঙ্কুপাড়া গ্রামে অভিযুক্ত কিশোরের নিজ বসতঘরে তার আপন বোনসহ প্রতিবেশী আরও তিন শিশুর সঙ্গে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন অভিযুক্ত কিশোরকে আটক করে মারধর করে এবং তার মাথার কিছু চুল কেটে দেয় বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগী এক শিশুর মা মোছাঃ জাকিয়া বেগম বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারে অভিযান শুরু করে মহিপুর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ সেপ্টেম্বর) লতাচাপলি ইউনিয়ন পরিষদের পাশের একটি গলি থেকে এসআই জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান , ঘটনার পর থেকেই এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার বলেন, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিশুদের নিরাপত্তা ও মানসিক সুরক্ষা নিশ্চিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।