আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মরহুম মৌলভী মো. তোফায়েল আহমদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান একরামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ এম. এ. আজিম চৌধুরী।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক শিহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সেনবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমীরুজ্জামান, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন এবং কানকির হাট ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসাইন।
এ ছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার আজীবন দাতা সদস্য হেদায়েত উল্লাহ মিয়াজি, শিক্ষক আব্দুল মাজেদ, মাওলানা আবু শাকের, মোস্তাফিজুল আলম, সাইফুল ইসলাম, মো. ইদ্রিস, আব্দুল মান্নান, আলী আক্কাস মেম্বার ও আবু বকর সিদ্দিক জসিম মেম্বারসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুম তোফায়েল আহমদের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় শিক্ষক পরিষদের পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে আর্থিক সহায়তা দেওয়া হয়। ৪০টি হাদিস মুখস্থ করায় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির চার শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত ও মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।