মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে নগদ টাকা ও তাসসহ ৪ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১৭ জন জুয়াড়ি ও অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায়।
থানায় সূত্রে জানা যায়, শাহজাদপুর থানার এসআই মো. আজিজুল হক ও সঙ্গীয় ফোর্স গত ৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ১২টা ১০ মিনিটে টহল ও গ্রেফতারি ডিউটি করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, শাহজাদপুর থানাধীন দারিয়াপুর সাকিনস্থ কুমারচড়া নামক স্থানে জনৈক বাবুর ডিপ কলের সামনে কতিপয় লোক টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছেন।
প্রাপ্ত সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে রাত ১২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের নিকট এবং জুয়ার বোর্ড হতে ৩ প্যাকেট নতুন তাস, ১টি প্লাস্টিকের চট এবং নগদ ২১৭০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে শাহজাদপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।