ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হল দখল ও চাঁদাবাজি বন্ধ করে সহিংসতামুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবি করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
তিনি বলেছেন, ‘আমরা নিজেরা হল দখল করব না, কাউকে দখল করতে দেব না।’ এই নীতির কারণেই ২০২৪ সালের নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হল বা রুম দখলের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে গুরুদয়াল কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফরহাদ।
তিনি বলেন, অতীতে বিভিন্ন নির্বাচনের পর ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাস ও হল দখল করেছে। তবে ছাত্রশিবির ছাত্র সংসদে বিজয়ী হওয়ার পর সেই ধারা পরিবর্তন হয়েছে।
ডাকসু জিএস দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শতাধিক দোকানে আগে চাঁদাবাজি হতো, যা এখন বন্ধ করা হয়েছে। গত এক বছরে তাদের সবচেয়ে বড় সফলতা একটি সহিংসতামুক্ত ক্যাম্পাস উপহার দেওয়া।
শিক্ষার্থীদের সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা নিঃসংকোচে শিবিরের বিরুদ্ধে আঙুল তুলবেন, কথা বলবেন, সমালোচনা করবেন।’
অনুষ্ঠানে গুরুদয়াল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে জেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।