রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ। এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবী ও জেলেরা অংশ নেন।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গলাচিপা উপজেলার সরকারি দীঘিসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর বেলা সাড়ে ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় উপজেলার দুইজন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলেরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।