আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়ন পরিষদের সামনে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং কেশারপাড় মজুমদার বাড়ির বাসিন্দা। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মোশারফ হোসেন, কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন ও অটোরিকশাচালক গুরুতর আহত হন। আহত অটোরিকশাচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুরুতর আহত মোশারফ হোসেনকে সেনবাগের ছাতারপাইয়া সাফিয়া-সোবহান হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে চেয়ারম্যান আবদুল হক সুমনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
মোশারফ হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্বজনদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
এদিকে একই দিন সেনবাগে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় কাবিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন, সুকণ্য ও যুবদল নেতা সেলিম গুরুতর আহত হয়েছেন। দলীয় কার্যালয় থেকে ছমির মুন্সিরহাট বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন।
দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যম কে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাসার সরকার নিশ্চিত করেছেন।