ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতারের জেরে মো. শাহ আলম (৫৫) নামে এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার একটি দাঁত ভেঙে গেছে বলে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত শাহ আলম মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
শাহ আলমের অভিযোগ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের মামলায় গত বুধবার মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ মোল্যাকে গ্রেফতার করে পুলিশ। তবে ফরিদের গ্রেফতারের বিষয়ে তিনি কিছুই জানতেন না।
শাহ আলম বলেন, ফরিদ মোল্যার সমর্থকদের ধারণা, তিনিই ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করিয়েছেন। এ কারণে শুক্রবার সন্ধ্যায় মাঝারদিয়া বাজারে গেলে ফরিদের সমর্থকেরা তার ওপর অতর্কিত হামলা চালান। হামলায় তার একটি দাঁত ভেঙে পড়ে যায়।
এ ঘটনায় সালথা থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান। তিনি বলেন, মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।