পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক সক্রিয় নেতা। সোমবার (৩১ আগস্ট) সৌদি আরবে অবস্থানরত সাদ্দাম হাওলাদার ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক পদ এবং সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহারের কথা জানান তিনি। নিজের ফেসবুক পোস্টে সাদ্দাম হাওলাদার উল্লেখ করেন, তিনি বর্তমানে জিয়া সাইবার ফোর্সের আগৈলঝাড়া উপজেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
৩১ আগস্ট নিজের ফেসবুক আইডিতে পবিত্র কাবা শরীফের সামনে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেন সাদ্দাম হাওলাদার। ভিডিওটির মন্তব্যের ঘরে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে রাজনীতি ছাড়ার কারণ ও নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন তিনি।
স্ট্যাটাসে সাদ্দাম জানান, তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনিও জাতীয় উপনির্বাচন কমিটির সাবেক সদস্য, ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রার্থী এবং দলের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কর্মসূত্রে তিনি সৌদি আরবে অবস্থান করছেন।
রাজনীতি ছাড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার পক্ষে আর রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব নয়। তবে বিএনপি বা দলের কোনো নেতার বিরুদ্ধে তার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন সাদ্দাম।
তিনি আরও জানান, সসম্মানে ও সজ্ঞানে বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ৩১ আগস্টের পর থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর সম্পৃক্ত থাকবেন না বলেও ঘোষণা দেন তিনি।
পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রাজনৈতিক জীবনে জেনে বা না জেনে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান সাদ্দাম। একই সঙ্গে রাজনীতির বাইরে থেকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তবে হঠাৎ করে তার এমন সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক বিরোধ, ক্ষোভ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে সাদ্দাম হাওলাদারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, বিষয়টি তার জানা নেই। সাদ্দাম হাওলাদার দীর্ঘদিন ধরে কর্মসূত্রে সৌদি আরবে অবস্থান করছেন।
তিনি বলেন, কারও সঙ্গে কোনো বিরোধ বা ক্ষোভের কারণে সাদ্দাম এ সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি লিখিতভাবে কোনো পদত্যাগপত্র না দিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার কারণও খোঁজ নেওয়া হবে।