মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় দায়ের করা ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার পলাতক প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে রাকিবুল (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১২ সিপিসি-২ পাবনা, র্যাব-৪ সিপিসি-২ এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খামারশানিলা গ্রামের বাসিন্দা এবং শাহজাদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন দুপুরে অভিযুক্ত ব্যক্তি নিজ বাড়িতে ভয়ভীতি প্রদর্শন করে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে। পরদিন পুনরায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হলে স্থানীয় জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, গতকাল (১৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ (১৯ জুলাই রোববার) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।