মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে কভার্ড ভ্যানের চাপায় এক দম্পতি ও তাদের ৯ মাস বয়সী শিশুসন্তান নিহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের ৯ মাস বয়সী ছেলে নুর।
জানা গেছে, রাকিব হাসান গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেডের মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে পরিবারসহ রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির কভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।