বাদশা আলমগীর , কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের ছয় দিন পর চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয় ও সম্পর্কের সূত্র ধরে বাড়ি ছেড়ে ঢাকায় গিয়ে একসঙ্গে বসবাস শুরু করেছিল তারা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার হেমায়েতপুর এলাকা থেকে চার কিশোরীকে উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার গোপীনাথপুর এলাকার তিন কিশোরী গত ৫ অক্টোবর পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় এবং তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানানো হলে নিখোঁজ কিশোরীদের উদ্ধারে অনুসন্ধান শুরু করে মিরপুর থানা পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে কুষ্টিয়ার মিরপুর এলাকার এক কিশোরীর সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার এক কিশোরীর পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ। একইভাবে মিরপুরের আরও দুই কিশোরীর মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে চার কিশোরী একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়।
সেই পরিকল্পনা অনুযায়ী, গত ৫ অক্টোবর মিরপুরের তিন কিশোরী বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে নারায়ণগঞ্জের কিশোরীর সঙ্গে তাদের দেখা হলে চারজন একত্রিত হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এরপর তারা ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস শুরু করে।
এদিকে, কিশোরীদের নিখোঁজের ঘটনায় তদন্তে নামে মিরপুর থানা পুলিশ। তাদের অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অনুসন্ধান চালান। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
পরে গত ১১ অক্টোবর সন্ধ্যায় ঢাকার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে চার কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, টিকটক গ্রুপের মাধ্যমে কিশোরীদের মধ্যে পরিচয় ও সম্পর্ক তৈরি হয়েছিল। নিখোঁজ তিন কিশোরীকে ঢাকার হেমায়েতপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের একজন কিশোরীকেও উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও সম্পর্কের সূত্র ধরে অপ্রাপ্তবয়স্কদের এভাবে বাড়ি ছেড়ে যাওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সন্তানদের অনলাইন কার্যক্রমের বিষয়ে সচেতন থাকা এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।