মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের সড়ক দুর্ঘটনায় মো. আসলাম হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় লিটন ট্রাভেলসের এক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয় ফায়ার সার্ভিস।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৩টা ২৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি ঢাকার শাহবাগে।
প্রথম দুর্ঘটনার পর একই দিক দিয়ে লিটন ট্রাভেলস যাচ্ছিল। দুর্ঘটনাটি দেখতে পেয়ে চালক গাড়ির গতি কমিয়ে ব্রেক করেন। তখন পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) আহত হন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত আসলাম হোসেনের মরদেহ উদ্ধার করেন। মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহত নজরুল ইসলামকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ছাড়া দুর্ঘটনার পর আব্দুল্লাহ পরিবহনের বাসে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। নিহত আসলাম হোসেনের পকেট থেকে পাওয়া ১৮ হাজার টাকা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।