মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোবাইল ফোন চুরির অভিযোগে শাহাদাতকে আটক করা হয়। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। পরে তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।
ভোরে মত্তগ্রাম সড়কের ওপর হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত শাহাদাত উপজেলার শ্যামসিদ্ধি এলাকার শামসুল শেখের ছেলে। স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর তার মরদেহ সড়কের পাশে ফেলে রাখা হয়েছিল।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নিহতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।