আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে টানা ৪৪ বছর একটি মসজিদের খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালনের পর আলহাজ্ব মাওলানা তোফায়েল আহম্মেদকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ ও বিদায়ী খুতবার পর উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর গোরকাটা পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
সংবর্ধনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন (মাস্টার) বিদায়ী খতিবের হাতে সম্মাননা হিসেবে ৫০ হাজার টাকা তুলে দেন। এ ছাড়া মুসল্লিরা আতর, টুপি, ছাতা, ফুল ও টাকার মালাসহ বিভিন্ন উপহার দেন। পরে তাকে ফুলে সজ্জিত একটি প্রাইভেট কারে করে নিজ বাড়ি মানিকপুরে পৌঁছে দেওয়া হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।
মাওলানা তোফায়েল আহম্মেদ ১৯৮২ সালে মসজিদটির খতিব এবং গোরকাটা কেন্দ্রীয় ঈদগাহের ইমাম হিসেবে দায়িত্ব নেন। একই সময়ে তিনি উপজেলার মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।